নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার ৯ বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বাদী হয়ে নওগাঁর প্রথম আমলী আদালতে এ মামলাটি করেন। পরে মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর রাতে নওগাঁ পৌরসভার নির্বাচনের ফল ঘোষণার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হামলার ঘটনা ঘটে। তৎকালীন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা চালিয়ে আসামিরা চেয়ার-টেবিল ভাঙচুর, নির্বাচনের ফল সংশ্লিষ্ট কাগজপত্র তছনছ ও ছিনতাই, জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটনা ঘটায় । এছাড়া ফল ছিনতাইয়ের চেষ্টাসহ বেশ কয়েকজনকে মারধর করে আসামিরা।
হামলার পর মামলা করতে গেলে তৎকালীন থানা পুলিশ অভিযোগ নেয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যায়বিচারের সুযোগ তৈরি হওয়ায় বিলম্বে মামলা করা হলো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আদালত মামলা গ্রহণের পর নওগাঁ জেলা যুবদল নেতা জেডএইচ খাঁন মানিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নওগাঁ জেলায় আসামিরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাই অবিলম্বে অপরাধীদের সকলকে খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। মামলাটি আদালতে বাদীপক্ষের আইনজীবী ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।