প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২৩:১৪ পিএম
আসলাম চৌধুরী। প্রবা ফটো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামসহ দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
আসলাম চৌধুরী বলেন, আজ থেকে ৪৬ বছর পূর্বে দেশের এক ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের যাঁতাকল থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় জেল-জুলুম নির্যাতন সহ্য করে দলকে সুসংহত এবং দেশ গড়তে কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সুযোগ্যপুত্র দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যেসব নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যেসব ছাত্র, সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি। তাদের এ আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনপির সব নেতাকর্মী অন্তরে ধারণ করে। গত ১৬ বছর আওয়ামী দুঃশাসন, মিথ্যা মামলা, উন্নয়নের নামে মহালুটপাট, গুম, খুন, গুপ্তহত্যায় মানুষ অতিষ্ঠ ছিল। দেশে বাকস্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাথমিক বিজয় হয়েছে। দেশকে পুনর্গঠন করতে হলে আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সব নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।
আসলাম চৌধুরী বলেন, বিএনপি ভবিষ্যতে দেশকে এমনভাবে গড়বে যেখানে থাকবে গণতন্ত্র, সাধারণ মানুষের কথা বলার অধিকার, সব ধর্ম-বর্ণ ও জাতের মানুষ তাদের সমান অধিকার ভোগ করবে, দুর্নীতি থাকবে না কোনো সেক্টরে, নির্ভয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিনা কারণে কেউ হয়রানি হবে না। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই কাজ করব।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।