কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২২:৩৬ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২২:৪৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে মা, বোন ও ভগ্নিপতিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এক যুবক।
শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকার বনলতা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী জাকারিয়া জয় উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।
পুলিশ ও আহতরা জানায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে হামলাকারী জাকারিয়া জয় তার মা কহিনূর বেগম ও বোন ছালমা বেগমকে নানাভাবে নির্যাতন করে আসছিল। গতকাল কহিনূর বেগম ও ছালমা বেগম মৌচাক বাজারে কেনাকাটা করার জন্য যায়। খবর পেয়ে জাকারিয়া পাঁচ-সাতজন দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে বনলতা হোটেলের সামনে তাদের আটক করে মারধর করে আটকে রাখে। পরে ছালমা বেগমের স্বামী আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে স্ত্রী ও শাশুড়িকে উদ্ধার করতে এগিয়ে এলে জাকারিয়া ও তার দলবল দেশীয় অস্ত্র দিয়ে আনোয়ারের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহত আনোয়ার হোসেন বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জাকারিয়া তার মা কহিনূর বেগম এবং আমার স্ত্রী ছলমার ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছিল, ওইসব বিষয়ে মামলাও চলমান রয়েছে। শনিবার সকালে আমার স্ত্রী ও শাশুড়ি মৌচাক বাজারে কেনাকাটা করতে গেলে তাদের ওপর হামলা চালিয়ে আটকে রাখে। পরে আমি তাদের উদ্ধার করতে গেলে জাকারিয়া ও তার সঙ্গীরা আমার ওপর হামলা চালায়।’
কালিয়াকৈর থানার এসআই আলমগীর রায়হান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।