পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২২:২১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২২:২৬ পিএম
আহ্বায়ক রেজাউল করিম শাহীন। প্রবা ফটো
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনকে আহ্বায়ক করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বাংলাবান্ধা স্থলবন্দরের হলরুমে গ্রুপের এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সব আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীর সম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহসহ সব যাবতীয় কাজ শেষে ভোটের আয়োজন করবে নতুন কমিটি।
কমিটির সদস্যরা হলেনÑ রাশেদ আলী সরকার, আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল মামুন, মোতালেব, সোহেল রানা মানিক (প্রধান), হারুনুর রশিদ বাবু, মোজ্জাফর হোসেন, অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, ইদ্রিস আলী, রুবেল আলী, আব্দুল লতিফ ও আনসার আলী।
আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, ব্যবসায়ীদের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ গঠন করাই আমাদের মূল লক্ষ্য।
গ্রুপের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, কয়েক মাস আগে আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। এর মাঝে সাধারণ সভার প্রস্তুতি নেওয়ার মাঝে দেশে ছাত্র আন্দোলন শুরু হয়, দেশের সার্বিক প্রেক্ষাপটে সভা করা সম্ভব হয়নি। গতকাল উপস্থিত না থাকলেও পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের খবর পেয়েছি। নতুন এই কমিটিকে সাধুবাদ জানাচ্ছি। আশা করি সুন্দরভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে।