গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৭:৩১ পিএম
বাসের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান। প্রবা ফটো
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ভ্যানচালক রুবেল মিয়া ও সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে যাত্রী রেজাউল মিয়া।
স্থানীয়রা জানান, পলাশবাড়ী থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি বাস গাইবান্ধার উদ্দেশে যাচ্ছিল। গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এলে বাসটি ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রুবেল মিয়া ও যাত্রী রেজাউল মিয়া মারা যান।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।