কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:২২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২০:৫২ পিএম
রামগতিতে উপজেলা আওয়ামী ওলামা লীগ নেতা ও মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা আওয়ামী ওলামা লীগ নেতা ও মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
ইসমাইল উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের রাস্তারহাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে মাদ্রাসার ক্যাম্পাস থেকে শতশত শিক্ষার্থী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলসহ স্থানীয় বান্দেরহাট বাজারে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় মো. রাকিব উল্লাহ, মো. মাজেদ, মো. নোমান উদ্দিন বকুল ও মো. মামুনসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
তারা বলেন, রামগতি উপজেলা আওয়ামী ওলামা লীগ নেতা প্রিন্সিপাল ইসমাইল হোসাইন মাদ্রাসার এক শিক্ষিকা ও ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী নিয়োগে বেপরোয়া ঘুষ বাণিজ্য করেন। মাদ্রাসার আয় ও ব্যয়ের হিসাবে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন তিনি। এ ছাড়া মাদ্রাসার ল্যাপটপ-কম্পিউটার চুরি করে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। আওয়ামী লীগের ১৮ বছরে মাদ্রাসাকে নিজের একক আধিপত্য বিস্তার করে সম্পূর্ণ একগুঁয়েমি করে প্রতিষ্ঠানের সম্পদ তছরুপ করেছেন। মাদ্রাসাকে আওয়ামী লীগের দলীয় অফিসে পরিণত করেছেন তিনি। আর প্রিন্সিপালের এসব অনৈতিক কাজের মূল সেল্টার দিতেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসার কম্পিউটার অপারেটর মো. হারুন। শেখ হাসিনা সরকার পথনের পর থেকে প্রিন্সিপাল ইসমাইল ও কম্পিউটার অপারেটর হারুন মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে। শিক্ষার্থীরা প্রিন্সিফাল ইসমাইল ও কম্পিউটার অপারেটর হারুনের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। এসব অভিযোগের ভিক্তিতে শিক্ষার্থীরা তার অপসারণ চাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চরপোড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার ও জামায়াতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
এ বিষয়ে জানতে মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, মানববন্ধনের ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।