ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৫:২৭ পিএম
পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় হাজারো মানুষ একত্রিত হয়ে স্বোচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে কাজ করছে। সোমবারের ছবি
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২২ নম্বর পোল্ডারের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পাঁচ দিনেও স্বেচ্ছাশ্রমে মেরামত করা সম্ভব হয়নি। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির সংকটসহ চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দি হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে দুর্গত এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পাউবোর বেড়িবাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত হয়। উপজেলা প্রশাসন ও পাউবোর তত্ত্বাবধানে দেলুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল ও সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে হাজার হাজার মানুষ মেরামতের চেষ্টা করে। প্রথম দুদিন যেটুকু মেরামত করা হয় তা আবারও জোয়ারের পানিতে ভেসে যায়। প্রায় দুই হাজার মানুষ পাঁচ দিন কাজ করে তিন ভাগের দুই ভাগ মেরামত করতে পেরেছে।
এদিকে বাঁধ মেরামত সম্পন্ন না হওয়ায় দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে তারা। দুর্গত এলাকায় প্রয়োজনীয় সাইক্লোনশেল্টার না থাকায় বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বেশিরভাগ মানুষ।
দারুণ মল্লিক গ্রামের শিমুল সরকার বলেন, এখানে তেমন কোনো আশ্রয়কেন্দ্র নেই, যার কারণে নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা নেই। সুপেয় পানির চরম সংকটসহ রান্না খাওয়াদাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঘরবাড়ি ধসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে জানান বিনতা দাশ। ভেঙে পড়েছে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। গত ৬ দিন মানবেতর জীবনযাপন করছেন বলে জানান বৃদ্ধ দীপঙ্কর মণ্ডল।
দেলুটি ইউনিয়নটি মূলত দ্বীপ। এ ছাড়া বাঁধের বয়স বেশি হওয়ায় দুর্বল হয়ে পড়েছে। যে কারণে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ভাঙনের মুখে পড়ে এলাকাটি। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামতসহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ। তা ছাড়া স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন, নৌবাহিনী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দফায় দফায় সামগ্রীসহ প্রয়োজনী দ্রব্য বিতরণ করছেন বলে জানিয়েছেন ইউপি সদস্য পলাশ রায়।
ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল বলেন, ‘আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ বাঁধ সংস্কার করতে গিয়ে কয়েকবার ব্যর্থ হয়েছি। সর্বসাধারণের সহযোগিতায় কয়েক হাজার লোক নিয়ে আজও (সোমবার) কাজ করছি। আশা করি বাঁধটি সম্পন্ন করতে সক্ষম হব।’ একই কথা বললেন সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকও।
বাঁধ মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। তিনি বলেন, উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
জানতে চাইলে পাউবো পাইকগাছার উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, উপজেলার ১০, ১২, ১৬ ও ২৩ নম্বর পোল্ডারগুলোতে স্থায়ী বেড়িবাঁধের কাজ করা হবে। দেলুটি কালিনগর এলাকাটি ২২ নম্বর পোল্ডারের অন্তর্ভুক্ত। এখানে স্থায়ী বেড়িবাঁধের বরাদ্দ নেই। বিষয়টিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।