প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১২:২৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১২:৫০ পিএম
দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ছয় তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ছবি : ফোকাস বাংলা
প্রায় ৩২ ঘণ্টা পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ছয় তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিভেছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় ভবনের ভেতর এখনও প্রচণ্ড তাপ। এখনও প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ভবনের ফ্লোরগুলো বেঁকে গেছে। এখন ভবনের ভেতর ও বাইরের পলেস্তারা খসে পড়ছে। ভবনটিও ধসে পড়ার শঙ্কা আছে।
তিনি জানান, ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। নিচতলার সিঁড়ি পর্যন্ত ঢোকা গেছে কেবল।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ার্স কারখানায় আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। ফুলবাড়িয়া, ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এরই মধ্যে গতকাল পরিবারের সদস্যরা দাবি করেন, আগুনের ঘটনায় ১৭৩ জন নিখোঁজ রয়েছেন। তবে তাদের কেউ কারখানার শ্রমিক নন, বলছে কারখানা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, কারখানায় লুটপাট কিংবা অন্য কোনো কাজে তারা এসেছিল।
এ নিয়ে আনোয়ারুল বলেন, টার্ন টেবিল ল্যাডারের সাহায্যে ভবনটির ছাদে তল্লাশি চালানো হয়েছে। ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি। ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করব।