সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:২৩ পিএম
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের লাইন লিকেজের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি এন্ড ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে নিজ বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাবিব (৫৫) ও তার স্ত্রী লায়লা (৫০)। তাদের ছেলে রিফাত (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কবির মিয়ার ভারাটিয়া লায়লা বেগম প্রতিদিনের ন্যায় গ্যাসের চুলা ও ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।
পরদিন বৃহস্পতিবার সকালে লায়লা বেগম গ্যাসের চুলায় আগুন দিতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে দগ্ধ হন লায়লা বেগম, তার স্বামী হাবিব ও ছেলে রিফাত।
এ সময় তাদের চিৎকারে ও ঘরে আগুন দেখে আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি এন্ড ইনস্টিটিউটে ভর্তি করে।
ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি এন্ড ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, আগুনে দগ্ধ লায়লা বেগমের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামী হাবিবের ৩০ শতাংশ ও ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে গেছে। সোমবার সকালে লায়লা ও সন্ধ্যায় তার স্বামী হাবিব চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের ছেলে রিফাত এখনও আশঙ্কামুক্ত নন।