ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২০:৪৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২০:৫১ পিএম
ঝিনাইদহ জেলা কারাগার। ফাইল ফটো
ঝিনাইদহ জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার (২৫ আগস্ট) রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি।
মৃত বিল্লাল হোসেন (৪০) ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে তিনটি মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে আসেন বিল্লাল হোসেন। তার মামলা আদালতে বিচারাধীন।
রবিবার রাতে তার বুকে ব্যথা শুরু হলে কারাকর্তৃপক্ষ দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। চিকিৎসক রাজিব চক্রবর্তী জানান, বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।