নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২২:৫৫ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। রবিবার (২৫ আগস্ট) নোয়াখালীতে জরুরি ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রতিটি জেলায় তরুণরা একত্রিত হয়ে অর্থের জোগান দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে। সমালোচনা না করে তাদের পাশে দাঁড়ান। যেন আমরা সর্বশক্তি দিয়ে এ বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়েছে, আমরা তার টিম হয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের একটাই কাজ, শান্তি ফিরে আনা, পরিবেশ ঠিক করা এবং একটি সুষ্ঠু সংস্কার ও মেরামতের মধ্য দিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেন আমরা আবার গণতন্ত্রের মধ্যে ফিরে যেতে পারি এবং কাঙ্ক্ষিত নির্বাচন দিতে পারি। গত পনেরো-ষোল বছরের জঞ্জাল আমরা দুয়েক দিনে শেষ করতে পারব না। এজন্য ধৈর্য ধরতে হবে। আমাদের ইচ্ছার কোনো ঘাটতি নেই। সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। আমরা আপনাদের প্রতিনিধি হয়ে এসেছি।’
এ সময় বাংলাদেশ সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আনম শেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব ছারোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।