সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ২১:৩৬ পিএম
সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিরা বিজিবিকে আক্রমণ করার চেষ্টা করে। তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা মাদকের একটি চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়।
শনিবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২টি ধারালো হাঁসুয়া (দা) উদ্ধার করে বিজিবি।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাদক পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবির সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয় । এ সময় ভারতীয় ৫/৬ জন চোরাকারবারি মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।
তিনি জানান, একপর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয়। চোরাকারবারিদের আক্রমণ ঠেকাতে বিজিবি ৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে তারা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায়।