রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ১৮:৪৪ পিএম
ফারাজ করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
ভাঙচুরের ঘটনায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামের রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১০৩ নম্বর দলইনগর-নোয়াজিষপুর শাখা (এবাদত খানা) ভাঙচুরের কারণে তাদের বিরুদ্ধে মামলা করেছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ (৪৫), সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাবেক সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী (৩৫), সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাশি (৫২), জাকির হোসেন জুনু (৪৫), ফখরুল আবেদীন সোহেল (৪০), সাইদুল ইসলাম মনছুর ওরফে বালু মনছুর, (৪৮) মো. আজম (৩৯), মো. কুতুব উদ্দিন (৩৫), এসনাদুল করিম সায়েম (২৭), মো. সিরাজ (৪২), মো. নেজাম (৩৪), উত্তম চৌধুরী (৫০), শিহাবুল আলম সাহাবু (৪৫), জাগির (৩২), খোরশেদ (৩৫), কামরুল ইসলাম বাকের (৪৮), আবু সালেক (৩৫), আবুল হায়াত ওরফে মিজান (৪৫), সালাউদ্দিন (৪৩), বখতেয়ার (৪৫), মো. জাগির (৪০), হাবিব (৪৫), সেহেল ওরফে ট্যারা সোহেল (৪৩), শাবলু (৩০), শামসুল আলম (৫৫), মো. বখতিয়ার (৫২), মো. ওয়াহেদুল আলম পলাশ (২৯), আহসান হাবীব হাসান (৩৮), আবদুল্লাহ আল মাসুদ (৪০), কাজী মো. ইকবাল (৪৫), বশির উদ্দিন খান (৫০), নজরুল ইসলাম চৌধুরী (৫০) , মো. আরিফ (৪০), আনোয়ার হোসেন (৪০), আকতার হোসেন (৪০), ফরহাদুল ইসলাম (৩৮), আবদুল্লাহ আল মামুন (৪০), জসিম উদ্দিন (৪৫), কাজী ওহাব (৫৫), শাহাজান ইকবাল (৪৫), মো. হাসান (২৮)।
এছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ এপ্রিল বিকাল ৪টায় পিস্তল, অস্ত্র, হকিস্টিক, চাইনিজ কুড়াল ইত্যাদি নিয়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটির অনুসারীদের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। পরে মাহফিলের জন্য রাখা ৩ লাখ ৩০ হাজার টাকা ও এতিম শিক্ষার্থীদের জন্য উঠানো দানবক্স থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে। এছাড়া এতিমখানার তিনটি এসি, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, তিনটি আলমিরা, আইপিএস, সাউন্ড সিস্টেমসহ প্রায় ৮ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম লুট করে ট্রাকযোগে নিয়ে যায়।
এছাড়া ৫ লাখ ৫০ হাজার টাকা দামের লোহা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। ইবাদতখানার কাচসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি, এতিমখানা ভবন ভেঙে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিসাধন করে ভবনের বিভিন্ন নির্মাণ সামগ্রীও নিয়ে যায়। একই সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা দামের একটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার পর মামলা করতে গেলে ক্ষমতাশীল হওয়ায় সে সময় মামলা নেয়নি বলে দাবি করা হয়।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বাদীপক্ষ এজাহার দিলে থানার ওসি জাহিদ হোসেন মামলটি রেকর্ড করেন। মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৪৩ জনকে আসামি করা হয়। মামলটি রেকর্ডের পর তদন্ত শুরু হয়েছে।