মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২০:১১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২০:২৬ পিএম
কিশোরগঞ্জের মিঠামইনে সাগর মিয়া নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে গোপদীঘি ইউনিয়নের শরীফপুরের মাঘাপুড়া বিলে এ ঘটনা ঘটে। সাগর মিয়া এলংজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুকন মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাগর মিয়া বাসা থেকে বের হয়ে মিঠামইনের গোপদীঘি বাজারে যান। এরপর আর বাসায় ফেরেননি। সকালে মাঘাপুড়া বিলে তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সাগরের বাবা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সাগর মিয়ার স্বজনরা জানায়, মাঘাপুড়া বিল ইজারা নেন গোপদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী শহীদ মিয়া। তিনি বিলটি সাবলিজ দিয়েছেন একই এলাকার আল আমিনকে। তার পাহারাদাররা সাগরকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করে তারা।
মিঠামইন থানার পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সুরতহালে সাগরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ এখনও পাইনি। পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।