শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২১:৫২ পিএম
গাজীপুরের শ্রীপুরে চাঁদার টাকা না দেওয়ায় হোটেল ব্যবসায়ী শাহাজাহানের নির্মানাধীন বাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজনের নাম উল্লেখ করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবার একটি অভিযোগ পত্র দেন। বুধবার রাত ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড দারগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো- একই এলাকার গিয়াস উদ্দিন, আব্দুল গফুর, জালাল, আমান, রাসেল, সোহেল, রাজ্জাকসহ আরও ৭/৮ জন।
ভুক্তভোগী শাহাজাহান বলেন, বাড়ীর পাশের খোলা স্থানে নিজস্ব জমিতে ইট দিয়ে একটি আধাপাকা ঘর নির্মাণ করছি। এর পাশে টিনের একটি ছাপড়া ঘরও আছে আমার। অভিযুক্তরা ঘর নির্মাণকে উপলক্ষ করে আমার কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে বুধবার রাত ৮টার দিকে অভিযুক্ত ১০/১৫ জন দা, লাঠি নিয়ে আমার নির্মানাধীন বাড়ীতে ভাংচুর চালায়। এসময় তারা টিনের ঘরটিও তছনছ করে ফেলে। পরে যাওয়ার সময় তারা পিস্তলের ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিষ্ফোরণ করে এবং আমাকেসহ পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয়। এর আগের তারা আমার জমি জোরপূর্বক দখলে নিতে চাইলে আমি তাদের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করি। ওই মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ গ্রহণ না করায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও আব্দুল গফুরের মোবাইলে কল করলে উভয়ের মোবাইলই বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, কেওয়া পশ্চিমখন্ড এলাকার বসতবাড়ীতে হামলার ঘটনায় একটি অভিযোগ পত্র পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।