চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৩:৫৮ পিএম
ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন স্থানে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম থেকে সারাদেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর থেকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে জেলার অভ্যন্তরীণ এবং আন্তঃনগর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। সিলেটে রেলসেতু ডুবে গেছে। জেলার অভ্যন্তরে দোহাজারি, নাজিরহাট রুটের বিভিন্ন স্থানেও রেললাইন ডুবে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্ন স্থানও ডুবে গেছে। এসব রেললাইনের ওপর দিয়ে এখন ট্রেন চালানো যাবে না। তাই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তঃনগর সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া দোহাজারি, নাজিরহাট, কক্সবাজার, সীতাকুণ্ড রুটেও লোকাল ট্রেন চলাচল করে থাকে। যথারীতি বৃহস্পতিবার সকালে্র চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস গন্তব্যে ছেড়ে গিয়েছিল। কিন্তু রেললাইন ডুবে থাকায় ট্রেনগুলো নির্ধারিত গন্তব্যে যেতে না পারায় ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ।