প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২২:৩৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪ ০৮:২৪ এএম
দেশের বহুল সমালোচিত ‘ইয়াবা গডফাদার’, টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব।
কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম।
তিনি বলেন, ‘কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদিকে নগরীর জিইসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কক্সবাজার র্যাব-১৫ এর কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবে র্যাব সদর দপ্তরে।’
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।