মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৭:৪১ পিএম
২০১৭ সালের ১৮ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা হয়। ফাইল ছবি
সাত বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন সোমবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা খানমের আদালতে মামলাটি করেন।
বাদীর আইনজীবী আশরাফুর রহমান বলেন, মামলাটি আদালত আমলে নিয়েছেন। বিকেলে মামলার বিষয়ে আদালতে শুনানির কথা রয়েছে।
মামলার আসামিদের মধ্যে অন্যতম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ।
মামলার আরজিতে বলা হয়, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনা সরেজমিন পরিদর্শন করতে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাঙ্গুনিয়ার কাপ্তাই হয়ে রাঙামাটি যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ অনেকে।