সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ০০:১০ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের অন্যতম সংগঠক ইমনোদ্দোজা আহমেদের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে।
গত শনিবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার প্রিয়াঙ্গন মার্কেটের সামনের সড়কে হামলার শিকার হয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইমনোদ্দোজাসহ আরও দুই শিক্ষার্থী রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত এসে তাকে মারধর করে তার মোটরসাইকেলটি ফেলে দেয়।
হামলার বিষয়ে ইমনোদ্দোজা জানান, রেস্টুরেন্টে খাওয়ার পর পরবর্তী কর্মসূচি নিয়ে আন্দোলনকারী বন্ধু মিঠু এবং নাহাতের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ১০-১৫ জন অপরিচিত তরুণ এসে ‘তুই ইমন না’ বলেই আমাকে মারধর শুরু করে।
প্রতক্ষ্যদর্শী মিঠু জানান, আমরা মিরর শো-রুমের সামনে দাঁড়িয়ে ছিলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে ইমন ভাইকে মারতে শুরু করে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় অভিযোগ জানিয়েছি।
সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।