দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ২০:৪৬ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ২০:৫৭ পিএম
প্রতীকী ছবি
দিনাজপুরের বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীকে আটক করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আফছার আলী গত ৫ আগস্ট তার নিজ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনায় থানায় সাধারণ ডায়রি করতে আসে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা থানা ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা শান্ত হয়।
একপর্যায়ে ছাত্র-জনতার তোপের মুখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্ত্রী-সন্তানের উপস্থিতিতে আফছার আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আফসার আলীকে হেফাজতে নেয়। শুক্রবার রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফয়সাল মোস্তাক বাদী হয়ে মামলা করলে সেই মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে আটক দেখিয়ে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার পরিপ্রেক্ষিতে করা এ মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ আরও ৭০ জন অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে।