× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখ থুবড়ে পড়েছে রাজশাহীর সেবাসহ সব মেগা প্রকল্প

রাজশাহী অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৭:১০ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৭:১০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিষেবা একদিকে যেমন মুখ থুবড়ে পড়েছে, তেমনি শহরজুড়ে চলমান প্রায় হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলোও থমকে গেছে। গা ঢাকা দিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন এবং তার পছন্দের কাউন্সিলরসহ ঠিকাদারেরা। এমন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে প্রতিষ্ঠানটির সেবাগ্রহীতাসহ নগরবাসী।

রাসিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিনের ঘটনায় তাদের পুরো নগর ভবন লুট হয়ে গেছে, সেই সঙ্গে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব নথিপত্র। ৫ আগস্ট যখন শিক্ষার্থীরা আন্দোলনে ব্যস্ত, তখন একটি চক্র নগর ভবন থেকে নগদ অর্থসহ মূল্যবান সরঞ্জামাদি লুটে ব্যস্ত ছিল। এমন অবস্থায় ভেঙে পড়েছে নগর ভবনের অবকাঠামো। ফলে তা সংস্কার না হওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারছে না গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান।

মেয়র, কাউন্সিলরসহ মোট ৪১ জন জনপ্রতিনিধির প্যানেল রয়েছে রাসিকের। এদের মধ্যে মাত্র চার থেকে পাঁচজন কাউন্সিলর বাদে সবাই পলাতক রয়েছেন। গা ঢাকা দিয়েছেন রাসিকের গুরুত্বপূর্ণ পদের একাধিক কর্মকর্তাও। 

রাসিকের দেওয়া তথ্যমতে, চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর রেলক্রসিংয়ে ৮৯৭ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার, যার নির্মাণব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৬৭ লাখ টাকা। ভদ্রা রেলক্রসিং ৫২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৪৭ লাখ টাকা। মহানগরীর বর্ণালীসংলগ্ন বন্ধ গেট এবং নতুন বিলসিমলা রেলক্রসিং পর্যন্ত ১,২৫৫ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ সমন্বিত ফ্লাইওভার নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৯১ কোটি ৩৬ লাখ টাকা। রেলওয়ে ওভারপাসগুলো নির্মাণের জন্য সিটি করপোরেশন ৮২১ দশমিক ৯৩ কোটি টাকার সংস্থান করেছে। ‘সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীন তিনটি প্যাকেজে পাঁচটি ফ্লাইওভার ও ১৯টি অবকাঠামো নির্মাণ করবে। চুক্তি অনুযায়ী নগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিংয়ে ৪০০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৭৪ লাখ টাকা। কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিংয়ে ৫২১ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ৬৯ লাখ টাকা। এ ছাড়া ভদ্রা ও শালবাগানে নির্মাণাধীন রয়েছে দুটি বহুতল মার্কেট।

নগরীর বর্ণালী মোড় এলাকার বাসিন্দা ওসমান গনি বলেন, ‘নিউমার্কেট, শালবাগান, লক্ষ্মীপুর কলাবাগানের মতো গুরুত্বপূর্ণ এলাকার প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার সড়ক মেগা প্রকল্পের কারণে ভেঙে ফেলা হয়েছে। এসব সড়কে পুরো নগরবাসী চলাচল করে। ফলে দ্রুত কাজ শুরু করা না হলে বা এই সড়কগুলো সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।’

১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মো. জুয়েল বলেন, ‘বাচ্চাদের জন্মনিবন্ধন, পাসপোর্ট করতে নাগরিক সনদ, মৃত্যু নিবন্ধ, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতাসহ এমন অনেক বিষয় আছে যা ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকরা পেয়ে থাকেন। তবে কাউন্সিলরদের অনুপস্থিতিতে এসব সেবাপ্রার্থী কোথা থেকে এই সেবা পাবেন, তা কেউ জানাতে পারছে না। এ ছাড়া বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজে যারা নিয়োজিত ছিল, তারাও নিয়মিত আসছে না। সড়কবাতিও বন্ধ হয়ে রয়েছে অনেক স্থানে।’ রাসিকে চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত তাদের মাসিক বেতন পাননি। তারাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে রাসিকের একজন ঠিকাদারের প্রতিনিধি জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে রাসিকের সবচেয়ে বড় বাজেটের কাজগুলোও বন্ধ হয়ে গেছে। লুটপাটের ভয়ে সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণকাজের সঙ্গে যুক্ত ভারী যন্ত্রপাতি। যোগাযোগ করা যাচ্ছে না ঠিকাদারদের সঙ্গে।

রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম বলেন, ‘প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজ চলমান রয়েছে। ঠিকাদারদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পাঁচটি ফ্লাইওভার ও দুটি মার্কেটের নির্মাণকাজ। চলমান পরিস্থিতির কারণে ঠিকাদাররা কাজ শুরু করতে পারছে না। নির্মাণাধীন স্থান থেকে রডসহ নির্মাণসামগ্রী চুরি গেছে। এ ছাড়া বালুর সংকট রয়েছে। তবে আমরা আশা করছি, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকে পুনরায় কাজ শুরু করা যাবে।’ 

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর নগর ভবনের প্রায় ৮০ শতাংশ সম্পদ (নগদ অর্থ, কম্পিউটার, চেয়ার-টেবিল, মোটরসাইকেলসহ আসবাবপত্র) লুট হয়ে গেছে, পুড়িয়ে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ দপ্তরের নথিপত্র। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় পানি, বিদ্যুৎসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় রাসিক দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। আমরা দপ্তরে বসতে না পারলে ও ফাইলপত্র না পেলে কাজ করতে পারছি না। শিক্ষার্থীরা আমাদের সবধরনের সহযোগিতা করছেন। এমন পরিস্থিতিতে সম্ভব হচ্ছে না কাঙিক্ষত সেবা নিশ্চিত করা। তবে যেসব ওয়ার্ডে কাউন্সিলর নেই, সেখানে পাশের ওয়ার্ডের কাউন্সিলরদের বলা হয়েছে জন্ম ও মৃত্যুসনদসহ কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে।’ রাসিকের এই কর্মকর্তা আরও জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা