সিলেট সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৯:৪৩ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২২ ২০:০৪ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর থেকে খাদে পড়ে যায় কারটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার খাদে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কারের চালকসহ ৪ জন।
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের রুবেল আহমদ ও তার এক মাস ১০ দিন বয়সী মেয়ে রাহি আক্তার আদরী।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের বরাতে তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দিক থেকে আসা ওই প্রাইভেটকারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় কারটি খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু রাহিকে মৃত ঘোষণা করেন। পরে আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রুবেল মিয়া মারা যান।
ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
প্রবা/ইউরি/