কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ২১:৫৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২২:১৫ পিএম
কক্সবাজারে পরিস্থিতি স্বাভাবিক এবং আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ মাঠে রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ।
তিনি জানান, দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ শেষ করতে পারবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৪টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যদের।
পুলিশ সুপার জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আগের মতো টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ডিউটি বা গাড়ির মাধ্যমে যে টহল জোরদার ছিল তা শুরু করা হয়েছে। ঝাউবাগান থেকে শুরু করে যেসব জায়গায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভবনা রয়েছে সেসব জায়গা আগের মতো নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেল-মোটেল জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া পর্যটন সংশ্লিষ্ট যেসব হোটেল-মোটেল ব্যবসায়ী রয়েছে তারাও পর্যটকদের সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।
তিনি জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সঙ্গে রয়েছে। সেনাবাহিনী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা করছে। এরই মধ্য দিয়ে অপরাধীরা আর কখনও অপকর্ম বা নিরাপত্তা নষ্ট করতে পারবে না। তিনি বিশ্বাস করেন সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যাবে। পর্যটকরাও নিরাপদে ভ্রমণ শেষে বাড়ি ফিরবে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, পর্যটকরা কক্সবাজার ভ্রমণে নিরাপদ। ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টরা নিরাপদ পরিস্থিতি তৈরি করতে মাঠে রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে সেনা কর্মকর্তার বৈঠকও হয়েছে।