রংপুর অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২১:২২ পিএম
কাউন্সিলর রফিকুল ইসলাম। ফাইল ফটো
রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগপন্থি কাউন্সিলর রফিকুল ইসলাম লাঞ্ছিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের মাসিক সভা শেষে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা তাকে লাঞ্ছিত করে।
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড ও সংরক্ষিত ১১টি মহিলা ওয়ার্ডসহ মোট ৪৪ জন কাউন্সিলর রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন কাউন্সিলর রয়েছে ১৯ জন। মঙ্গলবার মাসিক সভায় আওয়ামীপন্থি কাউন্সিলরদের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন। মাসিক সভা শেষে বাড়ি ফেরার সময় সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে কাউন্সিলর রফিকুল আলম এলে বিক্ষুব্ধ জনতা তাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু ও নুরুন্নবী ফুলু ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রফিকুলকে ছাড়িয়ে নেন।
রংপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন কিছু কাউন্সিলরের বিরুদ্ধে সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে তাদের অনেকে গাঢাকা দিয়েছে।
প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগপন্থি কাউন্সিলরদের দেখে কিছু বিক্ষুব্ধ মানুষ উত্তেজিত হয়ে উঠেছিল। সবাইকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রকাশ্যে গুলি ছুড়েন পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা। ওই দিন সংঘর্ষে কাউন্সিলর হারাধনসহ ৪ জন নিহত হন। পরদিন ৫ আগস্ট সরকার পতন হলে গাঢাকা দেন আওয়ামী লীগপন্থি কাউন্সিলররা।