রাজশাহী অফিস
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৯:২৫ পিএম
মঙ্গলবার রাজশাহী সেনানিবাসে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রবা ফটো
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। যত দ্রুত তারা ট্রমা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাবে তত দ্রুত ব্যারাকে ফিরবে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সরকার বা সেনাবাহিনীর ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন এবং একটি নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছেন। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।’
সেনাপ্রধান বলেন, ‘সম্প্রতি ২০ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে মোট ৩০টি।’ গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘সেখানে আওয়ামী লীগের নেতারা সেনাবাহিনীর সঙ্গে বসে ছিলেন। এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আওয়ামী লীগের সরকারের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে সেনা কর্মকর্তা বলেন, ‘কারও যদি জীবন বিপন্নের সম্ভাবনা থাকে, সে যে দলের বা মতের বা ধর্মেরই হোক না কেন তাকে আশ্রয় দেবে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় বিদ্যমান পরিস্থিতিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধে অনেকেই আশ্রয় দিয়েছে সেনাবাহিনী।’
এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসে উপস্থিত হন। এর পর তিনি স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিভাগীয় কমিশনার রাজশাহীর পরিস্থিতি বর্ণনা করে সেনাপ্রধানকে জানান, রাজশাহীর পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, এসপি এবং জেলা প্রশাসকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।