নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৬:২৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৬:২৮ পিএম
ছবি: সংগৃহীত
নরসিংদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪৪ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (১0 আগস্ট ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌরশহরের বাসাইল ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, সিলেট গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে নুরুল ইসলাম ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা থেকে যাত্রীবাহী বাস ‘ঢাকা এক্সপ্রেস’ সিলেটের উদ্দেশ্য রওনা দেয়। সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলের রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় ওভারপাসে উঠে। এ সময় সামনে থাকা একটি মালবাহী ট্রাক ওভার টেক করতে গিয়ে অপর একটি ট্রাকের মুখোমুখি হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নুরুল ইসলাম নামে একজন নিহত হয়। স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে পাশেই অবস্থিত নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন বলেন, ‘রাতে দূর্ঘটনাটি আমাদের হাসপাতালের পাশেই ঘটে। এ সময় ৪৪ জন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আরও ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।