যশোর সংবাদদাতা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ০৮:৩৭ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২২ ০৮:৪৭ এএম
উদ্ধারের পর বিজিবির হেফাজতে স্বর্ণ।
যশোরের শার্শায় মরিচ ক্ষেতের মাটি খুঁড়ে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নিলে দুই ব্যক্তিকে মরিচ ক্ষেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়।
এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে থামতে বলা হলে দ্রুত পালিয়ে যান তারা। পরে সেখানে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে একটি ব্যাগ পাওয়া যায়। এর মধ্যে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের এ স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৩৫ লাখ টাকা।
এছাড়া উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চৌগাছা থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।