আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৮:০৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার খড়মপুরের শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা শহীদ (র.) মাজার শরিফ। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার খড়মপুরের শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ্পীর কল্লা শহীদ (র.) মাজার শরিফের সাত দিনব্যাপী বাৎসরিক ওরস স্থগিত করেছে মাজার পরিচালনা কমিটি।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম (মিন্টু)।
তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ওরস উদযাপনে ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্ততি নিয়েছিলাম। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বছরের বাৎসরিক ওরস স্থগিত করা হয়েছে। যা ১০ আগস্ট শনিবার থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাজারে ওরস অনুষ্ঠিত হচ্ছে না। তাই ১০ আগস্ট শনিবার থেকে ১৬ আগস্ট শুক্রবার পর্যন্ত মাজারে না আসার জন্য শাহ্পীর কল্লা শহীদের ভক্তদের প্রতি অনুরোধ জানান তিনি। এজন্য তিনি সব ভক্ত আশেকানের সহযোগিতা কামনা করেন।’
এদিকে মাজার শরীফের ওরশ স্থগিত করে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজাল পারভীন রুহি। বিজ্ঞপ্তিতে তিনি মাজারের ওরস সময়কালে ভক্তদের না আসার জন্য অনুরোধ করেন।
হযরত শাহ ছৈয়দ আহমেদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (র.) মাজার সারা দেশে খড়মপুর কল্লা শাহের মাজার নামে ব্যাপক পরিচিত রয়েছে। প্রত্যেক বছর ওরসে লাখ লাখ মানুষের সমাগম হয়ে থাকে এ মাজারে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন খাদেম, সদস্য মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম, রুস্তুম কামরান খাদেম, সাইফুল ইসলাম খাদেম রোজভেল্ট খাদেম, মো. সোহাগ খান খাদেম ও শাকির উদ্দিন খাদেম প্রমুখ।