বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২৩:০৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২৩:১৩ পিএম
বরিশাল মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা ফরিদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ফরিদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) নগরীর কালিজিরা বাজারে খান মার্কেটের সামনে মানববন্ধন করেছে এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ২৬ নম্বর ওয়ার্ডে নৈরাজ্য শুরু করেন বিএনপি থেকে বহিষ্কৃত ফরিদ। ভিন্নমতের লোকজনের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং চাঁদাবাজির প্রতিবাদ করায় লিটন খান নামে কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছেন ফরিদ।
ব্যবসায়ীরা বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকার সুযোগ নিয়ে সুবিধাবাদী কিছু লোক আমাদের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে। এসব অত্যাচারীর হাত থেকে বাঁচতে ব্যবসায়ীরা সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে ফরিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।