লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১২:৫৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ১৪:২৬ পিএম
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন মো. হুমায়ুন, মো. কাউসার, মো. সাদ্দাম ও মো. বাশার।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুনের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানান, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় যুবদল শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে বহিষ্কৃত চার নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, লুটপাটে জড়িত থাকার অভিযোগে চারজনকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
এক স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে, অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে বুধবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউছার মানিক বাদলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।