বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ২০:৪০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ২১:১১ পিএম
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বগুড়ায় ভটভটির চাপায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শেরপুর উপজেলার শালফা বাজারের শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে শনিবার (১৯ নভেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম সিমরুল সরকার। সে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ভটভটির চালক সুলতান মন্ডলকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার গ্রামের বাসিন্দা।
শেরপুর থানার এসআই সাইফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার বিকালে স্থানীয় শালফা হাফেজিয়া মাদ্রাসা মাঠে ক্রিকেট খেলার জন্য শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশ থেকে উত্তরপাশে পার হচ্ছিল সিমরুল। এমন সময় ধুনট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী দ্রুতগতির একটি বাঁশবোঝাই ভটভটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।