চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৮:১০ পিএম
পালিয়ে ভারত চলে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের হিসাব সংরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
আটক নিজামুল হোদা রাজশাহীর বোয়ালিয়া উপজেলার উপ শহরের হাউজিং এস্টেট এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, রাজশাহী সিটি করপোরেশনের হিসাব সংরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ভারত পালাবেন- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থান নেয়। পরে বিজিবির টহল দল নগদ টাকাসহ তাকে আটক করতে সক্ষম হয়।