মার্চ টু ঢাকা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১০:৫১ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ১৪:২৩ পিএম
ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুনসান নীরবতা। প্রবা ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে আজ মার্চ টু ঢাকা কর্মসূচি ও রবিবার সন্ধ্যা থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এর ফলে আজ ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সুনসান নীরবতা চলছে।
সোমবার (৫ আগস্ট) সকালে মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে দেখা যায়, মহাসড়কে যানবাহন বন্ধ থাকায় যাত্রীও নেই। মহাসড়কের দুই পাশে বিভিন্ন দোকানপাট বন্ধ থাকায় সড়ক একেবারে ফাঁকা। এদিকে সকাল থেকেই মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
সরেজমিনে ব্যস্ততম এ মহাসড়কে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক কোনো যানবাহনও চলাচল লক্ষ করা যায়নি। অন্যান্য সময় রিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও এবার তারও দেখা মেলেনি। এর ফলে কারফিউ থাকা সত্ত্বেও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা বিপাকে পড়ছেন। শুধু মহাসড়কে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা গেছে।
বেসরকাররি চাকরিজীবী রহমান মতি বলেন, ‘স্ত্রীকে নিয়ে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে যাব। তাই বের হয়েছিলাম। মহাসড়কে এসে দেখি একটা রিকশাও চলাচল করছে না। আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় অনেক সমস্যায় পড়ে গেলাম।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা কিংবা কাঁচপুর হাইওয়ে পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।