× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে ব্যবসায়ী

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২২:৩৪ পিএম

পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে ব্যবসায়ী

শিবের কৃপা লাভের আশায় পায়ে হেঁটে ভারতের কেদারনাথ মন্দিরে যাচ্ছেন স্বদেশ কুন্ডু নামে বাগেরহাটের রামপালের এক কাপড় ব্যবসায়ী। শুক্রবার (২ আগস্ট) সকালে উপজেলার গৌরম্ভা এলাকা থেকে তিনি যাাত্রা শুরু করেন। 

এ সময় আবেগঘন পরিবেশে স্বজন ও কাছ থেকে বিদায় নেন ২৯ বছর বয়সি স্বদেশ কুন্ডু। সবকিছু ঠিক থাকলে ৭০ দিন পায়ে হেঁটে ১ হাজার ৯০০ কিলোমিটার দূরের মন্দিরে পৌঁছবেন এই মহাদেব ভক্ত। স্বদেশ কুন্ডুকে শুভ কামনা জানিয়েছেন স্থানীয়রা।

গৌরম্ভা এলাকার মোহন কুন্ডুর ছেলে স্বদেশ কুন্ডু গৌরম্ভার বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে। স্থানীয়রা জানান, স্বদেশ কুন্ডু ধর্মভীরু মানুষ। বিভিন্ন সময় সে দূরদূরান্তের জাগ্রত মন্দিরে যাওয়ার আশা প্রকাশ করত। এবার সে হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছে। আমরা তার জন্য আশীর্বাদ করি, সে যেন সুস্থভাবে ফিরে আসে।

রামপাল পূজা উদযাপন পরিষদের সদস্য তুষার মজুমদার বলেন, আমাদের জানামতে বাগেরহাট থেকে এই প্রথম কোনো ভক্ত হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছে। আমরা তাকে বিদায় জানাতে এসেছি। তার যাত্রা সফল হোক।

স্বদেশ কুন্ডুর ভাগনে সবুজ সরকার বলেন, হেঁটে যাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। তারপরও মহাদেবের ভালোবাসা পেতে মামা যাচ্ছেন, মামার জন্য শুভ কামনা জানাই।

দীলিপ কুন্ডু নামের একজন বলেন, মনে আশা থাকলেও, সবার পায়ে হেঁটে যাওয়ার সাহস হয় না। স্বদেশের এই যাত্রা তা দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বদেশ সুস্থভাবে ফিরে আসলে, হয়তো আরও অনেকে এভাবে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। তাতে কেদারনাথ মন্দিরের স্থায়ী ভক্তদের সঙ্গে আমাদের বাগেরহাটের সনাতন ধর্মাবলম্বীদের সেতুবন্ধন হবে।

কেন এই দীর্ঘ যাত্রা সম্পর্কে জানতে চাইলে স্বদেশ কুন্ডু বলেন, কেদারনাথ মন্দির একটি জাগ্রত মন্দির। ছোটবেলা থেকেই এই মন্দিরে যাওয়ার একটি সুপ্ত বাসনা ছিল। মনের সেই আশা পূরণের জন্য পায়ে হেঁটে যাচ্ছি। সেখানে শিবের পূজা ও আরাধনা করব। আমার পরিবার ও এলাকাবাসীর জন্য প্রার্থনা করব।

হেঁটে যাওয়া রুট সম্পর্কে স্বদেশ কুন্ডু বলে, গৌরম্ভা থেকে রূপসা, রূপসা থেকে কেশবপুর, কেশবপুর থেকে জামতলা যাবে। সেখান থেকে বেনাপোল বর্ডার পার হয়ে পেট্রোপোল থেকে পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশ করব। সেখান থেকে পায়ে হেঁটে ঝাড়খণ্ড প্রদেশ দিয়ে উত্তর প্রদেশের কেদারনাথ মন্দিরে পৌঁছব। সবকিছু ঠিক থাকলে ৭০ দিনের মধ্যে পৌঁছব। এই সময়ে বিভিন্ন এলাকায় থাকা মন্দির-মণ্ডপে বিশ্রাম ও খাওয়াদাওয়া সম্পন্ন করব। 

কেদারনাথ মন্দিরে পূজা-আর্চনা শেষে যানবাহনে বাড়ি ফিরবেন। দীর্ঘ যাত্রায় মাত্র ৩০ হাজার টাকা খরচ হবে বলে জানান স্বদেশ কুন্ডু।

কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণিতে অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতি বছর নির্দিষ্ট সময়ে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীরা আসেন কেদারনাথ মন্দিরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা