সিলেট অফিস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ২০:২২ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ২০:৪০ পিএম
ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট নগরী রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের গুলিতে অন্তত ২৫ জন শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ ও পথচারী আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলমান।
এদিকে পুলিশের দাবি, আন্দোলনকারীরা নগরীর প্রবেশদ্বার আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অবরোধ তৈরি করেছিলেন। এ সময় পুলিশ বারবার তাদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের কথায় কর্ণপাত করেননি। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারী ও পথচারীদের পাশাপাশি পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়ও গুলিবিদ্ধ হন।
তবে আন্দোলনকারীরা জানান, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল ‘সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেলা সাড়ে ৩টার দিকে শাবির প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের বাধার মুখে তারা সেখানে অবস্থান নিতে পারেননি। এরপর পার্শ্ববর্তী আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে কর্মসূচি পালনের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন গলির ভেতরে অবস্থান নিয়ে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে। এর আগে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ তাদের বাধা দেয়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ছাড়া আটজনকে পুলিশ আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।‘