খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৬:০২ পিএম
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। প্রবা ফটো
দুই দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ি জেলা সদরের দুই-একটি জায়াগায় পাহাড় ধস হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনাদের বাসভবনের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এছাড়া জেলা সদরের কলাবাগান, হরিনাথ পাড়া, শালবাগান, রসুলপুর এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার হিসেবে, পৌর এলাকায় অন্তত দুই শত পরিবার পাহাড় ধসের ঝুঁকির মধ্যে বসবাস করে। পাহাড় কেটে যেসব ঘরবাড়ি তোলা হয়েছে, সেই সব স্থানে পাহাড় ধসের ঝুঁকি বেশি।
অপরদিকে দুপুরে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী, ফুটবিল এলাকার নিচু এলাকায় পানি উঠেছে এবং অধিকাংশ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। অব্যাহত বৃষ্টির কারণে জেলা সদরের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি পরিবার বন্যার কবলে পড়েছে।