নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২৩:০৩ পিএম
দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের খবরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। এরপর একটি মিছিল নিয়ে কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এবিষয়ে কাদের মির্জা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের ওপর ভর করে জামায়াত-শিবির সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। তারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর।
তিনি আরও বলেন, জামায়াত-শিবির ধর্মের নামে দেশে মুখোশপরা সাম্প্রদায়িক অপশক্তি। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত আছে। তাদের রাজনীতি করার অধিকার নেই। নানা সময় তাদের প্রকাশ্যে ও গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবগত। তাই সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় শেখ হাসিনাকে মন থেকে ধন্যবাদ জানাই।
এসময় কোম্পানীগঞ্জ পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বাবর, উপজেলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, হাসান ইমাম বাদল, মো. ইউনুস, আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।