খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২১:৪৬ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪ ২১:৫৫ পিএম
খাগড়াছড়িতে বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও মেলা চলবে ৭ আগস্ট পর্যন্ত। মেলায় বনজ, ফলদ ও ঔষধি চারা নিয়ে ২০টি স্টল রয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্ৰ লাল ত্রিপুরা।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মুক্তিযুদ্ধের ন্যায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওইসব রাজাকার, আলবদর, আলশামসের দোসরদের অন্যায় ও অপরাধমূলক কাজকে রুখে দিতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ তার বিচার করে ভালো কাজে সবাইকে মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশবাসীকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। আজকের ছাত্রছাত্রীরাই এক দিন এ দেশের মালিক হবেন। তারাই হবেন প্রজ্ঞাবান, বুদ্ধিমত্তার অধিকারীসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
তিনি আরও বলেন, বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা এদেশকে বাসযোগ্য করে তুলবে এবং পরিবেশকে বাঁচাবে। সময় এসেছে, এখনই প্রজ্ঞা করি, আমরা বৃক্ষ নির্দয়ভাবে নিধন করব না। বৃক্ষ রোপণ ও বনকে সংরক্ষণ করা গেলেই পার্বত্য চট্টগ্রাম দেশের এক-দশমাংশ জায়গাকে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্ৰ চাকমা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম প্রমুখ।