রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২০:০৬ পিএম
রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রবা ফটো
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘যারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল, তারাই পরবর্তীতে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এখনও তারাই আওয়ামী লীগ সরকারের পতনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৯টি স্থানে আলাদাভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ব্যাঘাত ঘটাতে বিএনপি-জামায়াত চক্র দেশে নানা ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সমশের আলী খান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নুরে আলম মুন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সাহাবুদ্দিন মিয়া, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক চান মিয়া, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিকসহ অনেকে।