নরসিংদী সংবাদদাতা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৬:১৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম
অলংকরণ : জয়ন্ত জন।
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দিতে বর্তমান ইউপি সদস্য আব্দুল খালেক হাজী ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতের নাম আজগর আলী। তিনি পেশায় জেলে ছিলেন। আহতরা হলেন- চান মিয়া, বাচ্চু মিয়া, শাহীন মিয়া এবং অজ্ঞাত পরিচয়ের আরও দুজন।
স্থানীয়দের বরাতে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার জানান, পাঁচ মাস আগে শ্রীনগর ইউপি সদস্য আব্দুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহ আলম মেম্বারের এক সমর্থক নিহত হন। এর পর থেকে বর্তমান ইউপি সদস্য খালেকের অনেক সমর্থক পাঁচ মাস ধরে গ্রামে প্রবেশ করতে পারেনি।
তিনি আরও জানান, গত ৫ মাস গ্রামের বাইরে থাকার পর শনিবার সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করে। এতে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে খালেক গ্রুপের এক সমর্থক নিহত হন, আহত হয়েছেন আরও পাঁচজন।
আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভৈরবের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।