নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৯:৫৭ পিএম
আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজতে আসামি কাউছার। প্রবা ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো আড়াইহাজার উপজেলার হাইজাদী এলাকার মো. সৈকত একই এলাকার মো. কাউছার ও শামীম। তাদের মধ্যে শুধু কাউছার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলো। বাকি দুইজন পলাতক।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরকারি আইনজীবী মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াইহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করে।
হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ রায় দেন।