সিলেট অফিস
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৫:১৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৫:৪৫ পিএম
বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো
সিলেটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকাগুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এলাকা থেকে কয়েকশ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টের দিকে রওনা হয়। নগরীর সুবিদ বাজার এলাকায় বিক্ষোভকারীরা পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। বিক্ষোভকারীরাও পাল্টা প্রতিরোধের চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে আশ্রয় নেয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবি’র প্রধান ফটকে (রুদ্র তোরণ) অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পুলিশ সেখানে আগে থেকেই অবস্থান করেছিল। বিক্ষোভকারীরা অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নিতে প্রথমে বাধা দেয় পুলিশ। পরে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে যোগ দেন। একপর্যায়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলে পুলিশ ফটক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে যায়। সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা সুবিদ বাজারে গেলে এই সংঘর্ষ বাধে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘বিক্ষোভের নামে কিছুসংখ্যক লোক সুবিদ বাজার এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কাউকে আটকও করা হয়নি।