হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৩:৫৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে ভারতীয় জিরা ও মসলার দাম। প্রকারভেদে সাদা এলাচের দাম কমেছে কেজিতে ১ হাজার টাকা, পাশাপাশি কমেছে অন্যান্য মসলার দাম। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ মানুষ।
সোমবার (২৯ জুলাই) সকালে হিলি মসলা বাজার ঘুরে জানা গেছে, গত কোরবানির ঈদে প্রতিটি মসলার দাম যা ছিল বর্তমানে তা অনেকটা কমে গেছে। ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা কেজির সাদা এলাচ বর্তমান বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়, ৫০০ টাকার দারুচিনি ৪৫০ টাকা, ১ হাজার ৭০০-এর লঙ ১৪০০ টাকা, ২০০ টাকার মুহরি ১৫০ টাকা, ২৮০০ টাকার কালো এলাচ ২৬০০ টাকা ও ৭০০ টাকার জিরা বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। ভারত থেকে এসব পণ্যের আমদানি বাড়ায় দাম কমে গেছে বলছেন, ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
মসলা কিনতে আসা লুৎফর রহমান বলেন, সব মসলার দাম কমে গেছে, তবে আগে যেসব দামে মসলা কিনতাম ওই দাম হলে আমাদের অনেক উপকার হতো। আগে জিরা মাত্র ১০০ থেকে ২০০ টাকা কেজি কিনতাম। আর এখন ৬৫০ টাকা কেজি কিনছি।
হিলি বাজারে মসলা ব্যবসায়ী শাওন বলেন, বাজারে বর্তমানে সব ধরনের মসলার দাম কমে গেছে। সাদা এলাচ প্রায় ১ হাজার টাকা কেজিতে কমে গেছে। গত ঈদে বেচাকেনা ভালো ছিল। বর্তমান তেমন ভালো না। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা কম আসছে। আবার ভারত থেকে জিরাসহ সব ধরনের মসলার আমদানি বেশি, যার কারণে দাম কমে যাচ্ছে।