× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলের ওপারে পণ্যবোঝাই ২ হাজার ট্রাক আটকা, ক্ষতির মুখে আমদানিকারকরা

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১৩:৪১ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৪:২৭ পিএম

বেনাপোলের ওপারে পণ্যবোঝাই ২ হাজার ট্রাক আটকা, ক্ষতির মুখে আমদানিকারকরা

ভারতের পেট্রাপোল সীমান্তে বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্যবোঝাই ২ হাজার ট্রাক আটকে আছে। এসব ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। দুই দেশের মধ্যে কিছুদিন ধরে সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পেট্রাপোলে এ পণ্যজট তৈরি হয়েছে। ফলে ১০ চাকার ট্রাকে দেড় হাজার ও ৬ চাকার ট্রাকে ১ হাজার রুপি মাশুল গুনতে হচ্ছে প্রতিদিন। এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বেনাপোল ও পেট্রাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানির অনুমোদন রয়েছে দুই দেশের সরকারের। কিন্তু ১০ দিন ধরে সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা। এতে পশ্চিমবঙ্গের সিডব্লিউসি পার্কিংয়ে ৭০০ এবং বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্যবোঝাই ১৩০০ ট্রাক আটকে রয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম আনু বলেন, ‘এখন প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ ট্রাক পণ্য আমদানি এবং ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। এর আগে প্রতিদিন ৪০০ ট্রাক আমদানি ও ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হতো।

তিনি আরও জানান, আটকে থাকা পণ্যের মধ্যে বেশির ভাগই হচ্ছে শিল্পের কাঁচামাল ও মেশিনারিজ বা যন্ত্রপাতি। পচনশীল পণ্যও রয়েছে প্রচুর। বাংলাদেশে কয়েক দিন সাধারণ ছুটি এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, পেট্রাপোল বন্দরের শ্রমিকরা কলকাতাসহ দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে ভারতীয় শ্রমিক সংগঠনগুলো সন্ধ্যার পর বন্দরে কাজ করতে চাইছে না। এ বিষয়ে সে দেশের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বেনাপোল কাস্টমস অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, কারফিউ চলাকালে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলে না। তাই ওপারে পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে। দুটি পার্কিংয়ে ২ হাজার ট্রাক পণ্য নিয়ে আটকে রয়েছে। যে কারণে প্রতি ট্রাকের জন্য প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার ভারতীয় রুপি মাশুল গুনতে হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, কারফিউ ঘোষণার এক সপ্তাহ আগে থেকে ভারতের পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠন সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে পণ্যবোঝাই ট্রাক ছাড়ছেও না, নিচ্ছেও না। এটা সরকারি কোনো সিদ্ধান্ত নয়। সে দেশের বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারতের পেট্রাপোল পোর্টের ম্যানেজারের সঙ্গে আলোচনা করেছি। আগের মতো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা