রংপুর অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ১২:৫৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪ ১৩:০৭ পিএম
ছবি : সংগৃহীত
রংপুরে কোটা আন্দোলন নিয়ে নাশকতা মামলায় ছাত্রদল, জামায়াত নেতাসহ আরও ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রংপুর নগরীসহ জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত নয় দিনে ২২ মামলায় রংপুরে সিটি করপোরেশনের কাউন্সিলর, বিএনপি, জামায়াত-শিবির, জাতীয় পার্টির নেতাকর্মীসহ ২৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এলাকা থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহাসহ দুজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রেজওয়ানুর রহমান ওরফে রোমান, কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়।