পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২১:১৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২১:৪৫ পিএম
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) জেলার বোদা উপজেলার কাজলদিঘী ও সদর উপজেলায় এ ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ইদ্রিস আলী তামিম (১৪) ও বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ কালেশ্বরপাড়া এলাকার বৃদ্ধা দিলজান নেছা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নামে ইদ্রিস। তিনজনের কেউই সাঁতার না জানায় পুকুরের পাড় ঘেঁষে গোসল করছিল। একপর্যায়ে তিনজনই গভীর পানির দিকে গেলে তলিয়ে যেতে শুরু করে। এ সময় দুজন পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় ইদ্রিস। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ইদ্রিসকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভোরে বোদা উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান বৃদ্ধা দিলজান নেছা। ফেরার পথে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যান তিনি। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বৃদ্ধা দিলজানকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ ও বোদা থানার ওসি মোজাম্মেল হক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।