দুর্গাপুর (নেত্রকোণা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২১:৫১ পিএম
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকালে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কমরেড মণি সিংহের সন্তান কমরেড ডা. দিবালোক সিংহ। এরপর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে তার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ড. আব্দুর রাশিদ, আলী আজগর, পারভীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঁঞা (শিপার), সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন
১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কমরেড মণি সিংহ। তিনি ছিলেন সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরিব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেমের মূর্তপ্রতীক। আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মারা যান।