রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৬:২১ পিএম
প্রতীকী ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপ ও ব্যাটারী চালিত ভ্যানের সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা বাজার মোড়ে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলো কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের অটোভ্যানচালক হাসেম মন্ডল ও তার মেয়ে হালিমা বেগম।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মৃগী থেকে নারুয়া যাচ্ছিল ব্যাটারী চালিত অটোভ্যানটি। পথিমধ্যে মৃগীগামী আরএফএল কোম্পানীর পাইপ বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক হাসেম মন্ডল ও যাত্রী হয়ে পেছনে থাকা তার মেয়ে হালিমা বেগম নিহত হয়। এ সময় হাসেমের স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।