নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৫:৪৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৫:৪৯ পিএম
নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিচ্ছেনকোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। প্রবা ফটো
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বেকার হয়ে যাওয়া ৫০ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
রবিবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিতরণ করেন তিনি। এর আগে সব উপজেলায় বিতরণ করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বেকার হয়ে যাওয়া ৫০ হাজার অসচ্ছল, গরীব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্য সামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়া বলেন, মেয়র মহোদয় আমাদের খাদ্য সামগ্রী দিয়েছেন। মন থেকে দোয়া করব। আমাদের খুব উপকার হয়েছে। শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের খবর রাখার জন্য।
প্রতিবন্ধী জাহিদুল ইসলাম বলেন, মানুষের কাছে হাত পেতে চলতে হয়। আজ উপহারগুলো নিয়ে যাচ্ছি। পরিবার নিয়ে খাবো। আল্লাহ পরিবেশ ভালো রাখুক এই দোয়া করি।
মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, আমার ইউনিয়নে আমি প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছি। বিএনপি জামায়াতের নৈরাজ্যের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষের পেটে খাবার নাই। এসব খাদ্য সামগ্রী তাদের উপকার হচ্ছে। প্রধানমন্ত্রী এমন নির্দেশ বাস্তবায়নে আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ।
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষের জান মালের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী কারফিউ জারি করেছেন। এতে করে নিম্ন আয়ের মানুষেরা কষ্টে আছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নেতা ওবায়দুল কাদেরের সহযোগিতায় বসুরহাট পৌরসভার ১০ হাজার বাসিন্দাকে এবং ৮ ইউনিয়নের ৪০ হাজার মানুষকে চাল, তেল ও আলু উপহার দিয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মো. ইউনুস, আবুল খায়ের, কাউন্সিলর মো. রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।