× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মুক্তিযোদ্ধা কোটার সুবিধা কারা পাবেন, জানতে রিভিউ আবেদন করা হবে’

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৯:২৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১৯:৪২ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেলক হক। ফাইল ফটো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেলক হক। ফাইল ফটো

সরকারি চাকরিতে কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশের সুবিধা কারা পাবেন, তা জানতে আপিল বিভাগে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেলক হক।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনায় সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আন্দোলনের প্রেক্ষাপটে মহামান্য আদালত যে রায় দিয়েছেন, আমরা সেটিকে স্বাগতম জানাই। মেধার ভিত্তিতে ৯৩ শতাংশের পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশের সুবিধা কারা পাবেন, তা জানতে মহামান্য আপিল বিভাগের কাছে আমরা রিভিউ করব। এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়ার জন্যও অনুরোধ জানানো হবে। মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, সেটি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে।’

তিনি বলেন, ‘নরসিংদীর জেলা কারাগারে জঙ্গিদের ছিনিয়ে নিতে হামলা করা হয়েছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা চেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে। ৭১-এর সেই পরাজিত শক্তি জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। মুক্তিযুদ্ধের সেই গর্বের ধন পরাজিত শক্তির কাছে আক্রান্ত হচ্ছে।’

এ সময় মোজাম্মেল হক রাজাকারদের তালিকা প্রস্তুত করা এবং কমিটির মাধ্যমে তা বাস্তবায়নের আহ্বান জানান। সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা তাণ্ডব চালিয়েছে, তারা কখনও ছাত্র হতে পারে না। তারা ছিল বিএনপি ও জামায়াত রাজাকারের দল। তাদের কার্যকলাপে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রাণের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আঘাত করেছে। তারাই আঘাত করেছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদলের ক্যাডাররা।’

নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলমের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য শাহজাহান খান, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরো, পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক চেয়ারম্যান হেলাল মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সেক্টর কমান্ডার ফোরাম ৭১-এর নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা